দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের পথচলার ২২ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল ৮ অক্টোবর। বিশেষ এই দিনটি দর্শকদের সঙ্গে উদ্যাপন করতে এক দিনের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অক্টোবর প্রতিষ্ঠানটির যেকোনো শাখার কাউন্টার থেকে যে কোনো সিনেমার একটি টিকিট কিনলেই সঙ্গে আরেকটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। তবে এই অফার শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অর্থাৎ ৮ অক্টোবরের জন্যই প্রযোজ্য।
শুধু টিকিটের অফার নয়, দর্শকদের জন্য থাকছে বিনা মূল্যে মুভি ভাউচার জেতার সুযোগও। এজন্য স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে গিয়ে সেখানে স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর স্মৃতি শেয়ার করতে হবে। সেখান থেকে নির্বাচিত দর্শককে একটি বিনা মূল্যের মুভি ভাউচার দেওয়া হবে।
২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সময়ের সঙ্গে নতুনত্ব আসে এবং মানুষ সেটি ভালোভাবে গ্রহণ করলেই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে অবস্থানে এসেছে তার পেছনে দর্শকদের ভালোবাসাই মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
মেসবাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ভালো সিনেমার জন্য দর্শকরা সব সময় আগ্রহী। শুধু বিদেশি ছবির ওপর নির্ভর না করে দেশে নিয়মিত ভালো সিনেমা নির্মিত হোক এবং বাংলাদেশের সিনেমা দেখতেও যেন সব সময় প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় থাকে—এটাই তাদের প্রত্যাশা।
২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসে। আধুনিক প্রযুক্তি, উন্নত শব্দব্যবস্থা, নান্দনিক পরিবেশ ও সুপরিসর হলের কারণে অল্প সময়ের মধ্যেই এটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
স্টার সিনেপ্লেক্সের হাত ধরে পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়ার সংস্কৃতিও নতুন করে জনপ্রিয়তা পায়। পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের বিভিন্ন সিনেমা বাংলাদেশের দর্শকদের দেখার সুযোগ তৈরি হয়। অনেক সময় জনপ্রিয় সিনেমার টিকিটের জন্য ভোর থেকেই দর্শকদের দীর্ঘ সারিতে দাঁড়ানোর ঘটনাও দেখা গেছে। আবার কিছু সিনেমার টিকিট মুক্তির এক সপ্তাহ আগেই অনলাইনে বিক্রি শেষ হওয়ার ঘটনাও ঘটেছে।
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমণ্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা ও সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারেও রয়েছে প্রতিষ্ঠানটির শাখা।
এদিকে চলতি বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ২২ বছরের পথচলায় দর্শকদের ভালোবাসা ও অংশগ্রহণকে উদ্যাপন করতেই এবারের বিশেষ আয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।