শিরোনাম

১৬১ পর্বের পর শেষ অধ্যায়

২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’ ছবি: সংগৃহীত
২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’ ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম-সম্পর্ক, বন্ধুত্ব ও নানা আলোচিত মন্তব্য নিয়ে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’ এবার শেষ হতে যাচ্ছে। সঞ্চালক ও নির্মাতা করণ জোহর জানিয়েছেন, অনুষ্ঠানটির নবম সিজনই হবে শেষ সিজন। আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে শুরু হবে ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ অধ্যায়।

২০০৪ সালে যাত্রা শুরু করেছিল করণ জোহরের এই চ্যাট শো। দীর্ঘ ২২ বছরে আটটি সিজনে অনুষ্ঠানটির মোট ১৬১টি পর্ব প্রচারিত হয়েছে। এই দীর্ঘ পথচলায় অনুষ্ঠানের আড্ডায় অংশ নিয়েছেন বলিউডের অসংখ্য জনপ্রিয় তারকা। শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও কারিনা কাপুরসহ অনেক তারকার উপস্থিতিতে জমে উঠেছে অনুষ্ঠানটির আড্ডা।

করণের নানা প্রশ্নে তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে ও বন্ধুত্বের নানা অজানা বিষয় উঠে এসেছে। এসব আড্ডা থেকে তৈরি হয়েছে অসংখ্য আলোচিত ও ভাইরাল মুহূর্ত। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন সময় বিতর্কেও জড়িয়েছে অনুষ্ঠানটি। ২০১৯ সালে একটি পর্বে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার নারীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ওই পর্বটি পরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনার পর হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলকে সাময়িকভাবে জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

এবার অনুষ্ঠানটি শেষ করার কারণও জানিয়েছেন করণ জোহর। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘কফি উইথ করণ’ তাঁর পরিচয়ের একটি বড় অংশ হলেও জীবনের পরবর্তী দশকে তিনি আরও বেশি সিনেমা পরিচালনা ও গল্প বলার কাজে মনোযোগ দিতে চান। দীর্ঘ ২২ বছরের পথচলার পর অনুষ্ঠানটি শেষ হওয়ার খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আগামী ১৪ অক্টোবর শুরু হতে যাওয়া নবম সিজনে তারকাদের আড্ডা ও নানা আলোচিত মুহূর্তের মধ্য দিয়ে শেষবারের মতো পর্দায় ফিরবে ‘কফি উইথ করণ’।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL