অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা অকটেন ১৬৫ টাকা পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
জ্বালানি তেলের দাম সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে নির্ধারিত ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্যই অক্টোবর মাসের জন্য বহাল রাখা হয়েছে। ফলে বৃহস্পতিবার ১ অক্টোবর থেকেও আগের নির্ধারিত দাম কার্যকর থাকবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ২০ টাকা বাড়ানো হয়। সে সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়াকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিল সরকার।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম মার্চ ২০২৬ থেকে আগস্ট পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এর মধ্যে আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
এ অবস্থায় আন্তর্জাতিক বাজারের বাড়তি দাম মোকাবিলা সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার রোধের বিষয় বিবেচনায় নিয়ে সেপ্টেম্বর মাসে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অক্টোবর মাসের জন্য নতুন করে কোনো মূল্য সমন্বয় না করায় সেপ্টেম্বরের নির্ধারিত দামই বহাল থাকছে। ফলে আগামী এক মাস দেশের ভোক্তারা প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা অকটেন ১৬৫ টাকা পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় কিনতে পারবেন।