তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ও একসময়ের ক্ষমতাসীন একেপির শীর্ষ নেতা আহমেত দাভুতোগলু রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের প্রতিষ্ঠিত ‘ফিউচার পার্টি’ বিলুপ্ত করার সিদ্ধান্তও জানিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাভুতোগলু বলেন, এটি কোনো পরাজয় মেনে নেওয়ার সিদ্ধান্ত নয়, বরং নৈতিক অবস্থান থেকে রাজনীতি নিয়ে নতুন করে ভাবার আহ্বান।
তিনি দাবি করেন, তুরস্কের বর্তমান রাজনৈতিক পরিবেশ দুর্নীতি, স্বজনপ্রীতি ও জবাবদিহিতার সংকটে আক্রান্ত। এসব কারণে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাভুতোগলু আরও বলেন, দল পরিবর্তনের সংস্কৃতি, নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে সরকারি ট্রাস্টি নিয়োগ এবং ২০১৮ সালে চালু হওয়া রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা দেশকে কর্তৃত্ববাদের দিকে ঠেলে দিয়েছে।
একসময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করা দাভুতোগলু ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন।
এরদোয়ানের সঙ্গে মতপার্থক্যের জেরে ২০১৯ সালে একেপি ছেড়ে ‘ফিউচার পার্টি’ গঠন করেন তিনি। তবে দলটি জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব তৈরি করতে পারেনি।