শিরোনামঃ

খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত
খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

দেশের পোল্ট্রি খামারিদের জন্য সুখবর দিয়েছে সরকার। খামারিদের সহজে ঋণ সুবিধা দিতে তাদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের মানুষের প্রতি নিয়মিত ডিম খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার টাঙ্গাইলে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, খামারিদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে টিকে থাকতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে, যাতে তারা সহজ শর্তে ঋণ সুবিধা পেতে পারেন। এ সময় দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে নিয়মিত ডিম খাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার জন্য খামারিদের সতর্ক করেন। প্রতিমন্ত্রীর ভাষ্য, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার শুধু প্রাণিসম্পদ নয়, মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, পোল্ট্রি শিল্পের উন্নয়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সমাবেশে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের পোল্ট্রি শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং নিরাপদ প্রোটিন উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক পোল্ট্রি খামারি অংশ নেন।

খামারিদের জন্য ঋণ সুবিধা সহজ করা এবং নিরাপদ পোল্ট্রি উৎপাদন নিশ্চিত করতে সরকারের এসব উদ্যোগ শিল্পটির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এলাকার খবর

সম্পর্কিত