জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান। বুধবার স্থানীয় সময় নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য পরিস্থিতি এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের বিষয়টি উঠে আসে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।
আরও পড়ুন,
- তেলের দাম বৃদ্ধিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের
- মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা রাজীবের সহযোগী গ্রেপ্তার
- লজিস্টিক জটিলতায় সৌদিতে রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিত
বৈঠকে এআই সমন্বিত একটি ডিজিটাল জনস্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। প্রযুক্তির ব্যবহার করে দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও বিস্তৃত করার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, এস এম জিয়াউদ্দিন হায়দার ও মাহদী আমিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরের অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে মূলত বাংলাদেশের স্বাস্থ্যখাতের সম্প্রসারণ ও আধুনিকায়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েই আলোচনা হয়েছে।