জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই রাতের আঁধারে প্রেসনোট দিয়ে তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়বে বলে মন্তব্য করেন তিনি। বুধবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করীম।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে গণপরিবহনের ভাড়া বাড়বে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে ভর্তুকি দেওয়ার পরামর্শ দেন তিনি। রেজাউল করীম আরও বলেন, গ্যাসের সংকটে মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ কর্মহীন হচ্ছে। সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ না নিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে বলে সরকারকে সতর্ক করেন দলটির আমির।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, মাদক সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে। অপরাধ সংঘটনের আগে অপরাধীদের নিবৃত্ত করা যাচ্ছে না। আবার অপরাধের পর আটক ব্যক্তিদের কেউ কেউ অর্থের বিনিময়ে জামিনে বেরিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে দেশে খুন শিশু নির্যাতন ও শিশু হত্যার মতো অপরাধ বাড়ছে দাবি করে এ বিষয়েও সরকারকে সতর্ক করেন রেজাউল করীম।
আরও পড়ুন,
- মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা রাজীবের সহযোগী গ্রেপ্তার
- লজিস্টিক জটিলতায় সৌদিতে রেড সি চলচ্চিত্র উৎসব স্থগিত
- রোহিঙ্গা সংকট পুরো অঞ্চলের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
এ সময় বিএনপির প্রসঙ্গ তুলে ইসলামী আন্দোলনের আমির বলেন, বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা ভালো কথাও বলে। তবে তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৫টি কেন্দ্রীয় উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সরকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। এতে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা করা হয়। একইভাবে পেট্রল ও কেরোসিনের দামও লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।