শিরোনামঃ

এসএসসি ফল আশানুরূপ হয়নি? পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এসএসসি ফল আশানুরূপ হয়নি? পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে ছবি: সংগৃহীত
এসএসসি ফল আশানুরূপ হয়নি? পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল আশানুরূপ না হওয়া শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সোমবার ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশিত ফলে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। আর অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, মঙ্গলবার ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। পুরো আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের নির্ধারিত পোর্টালে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন শুরু করতে হবে।

এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল এসএমএসের মাধ্যমে ওই নম্বরে জানানো হবে। আবেদনের সময় ফলাফলে যে বিষয়গুলো নিয়ে পুনঃনিরীক্ষণ চান, সেগুলো নির্বাচন করতে হবে। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

প্রতি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিকাশ, নগদ ও সোনালী সেবাসহ অনুমোদিত ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর আবেদনটি পুনরায় যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। তবে ফি দেওয়ার পর আবেদনে কোনো পরিবর্তন করা যাবে না এবং জমা দেওয়া ফি ফেরতযোগ্য নয়।

তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। আর ফি দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই মোবাইল নম্বর ব্যবহার করে নতুন করে সেই বিষয় নির্বাচন করা যাবে। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ই-পোর্টাল ছাড়া কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। তাই ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত