রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। রোববার রাতে বিষয়টি নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।’
এর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক মনোনয়ন এখনো প্রকাশ করা হয়নি। রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। পরে ২০১৬ সালের জাতীয় সম্মেলনে বিএনপির মহাসচিব নির্বাচিত হন।
এদিকে নির্বাচন কমিশন এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা চলছে। তবে বিএনপির প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত কার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তা স্পষ্ট হবে মনোনয়নপত্র দাখিলের পর।