চট্টগ্রামের মিরসরাইয়ে নাসির কেমিক্যাল নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুন লাগার পর কারখানার শ্রমিকেরা সেখান থেকে বেরিয়ে যান। ফলে আগুন নিয়ন্ত্রণের সময় ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তা নিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হ্লা মারমা জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কেমিক্যাল থাকার কারণে আগুন নেভাতে কিছুটা বেশি সময় লেগেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে। অগ্নিকাণ্ডের পর কারখানার কর্মকর্তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।