শিরোনাম

ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত কয়েকজন

জুলিয়া জাহান জুলিয়া জাহান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত কয়েকজন ছবি: সংগৃহীত
ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত কয়েকজন ছবি: সংগৃহীত

ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয় বলে জানা গেছে। ভিডিওতে হামলাকারীদের ‘ইতালির ছাত্রলীগ’ পরিচয় দিয়ে স্লোগান ও নানা মন্তব্য করতে শোনা যায়।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর মেস্ত্রের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়। তাঁর গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং মুঠোফোনও ফেলে দেওয়া হয় বলে জানান অভিনেত্রী নিজেই।

ঘটনার একটি ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন মনিরুল হাওলাদার নামের এক ব্যক্তি। ভিডিওটির ক্যাপশনে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলার কথা উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মনিরুলের বাড়ি মাদারীপুরে। তিনি ছাত্রলীগের একটি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে যান।

ভিডিও বিশ্লেষণে বাঁধনের দিকে বারবার পানি ছুড়ে দিতে দেখা যাওয়া ব্যক্তির নাম শিপল মাহমুদ বিপ্লব। শরীয়তপুরের এই ব্যক্তি ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানে ভেনিস শাখা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাঁধনকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের একজন হিসেবে শনাক্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ইলিয়াস মিয়াকে। ভিডিওতে তাকে অভিনেত্রীর দিকে এগিয়ে গিয়ে থাপ্পড় দেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এতে বাঁধনের হাতে আঘাত লাগে এবং তাঁর মুঠোফোন পড়ে যায়।

এ ছাড়া বাঁধনকে শাসাতে দেখা যায় শরীয়তপুরের আলতাফ পাহাড়কে। স্থানীয় সূত্র বলছে, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে ভেনিসে যুবলীগের সঙ্গে সম্পৃক্ত।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

বিষয়:

বাঁধন
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL