সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থা পুনঃস্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে নামাজ ও যাকাত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তবে তার এই দাবির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ধর্ম পালন ব্যক্তির স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। জাতীয় সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ নিয়ে আলোচনা হয়।
মুজিবুর রহমান বলেন, অতীতে সংবিধানে আল্লাহর প্রতি ইমান ও আস্থার বিষয়টি ছিল। পরবর্তী সময়ে তা বাতিল করা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ মুসলমান উল্লেখ করে সংসদে আসর ও মাগরিবের নামাজের বিরতির সময় যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে মুজিবুর রহমান বলেন, ক্ষমতার দায়িত্ব পাওয়ার পর সালাত কায়েম এবং যাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া উচিত।
আরও পড়ুন,
- ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি’: রুমিন ফারহানা
- চার বছরেই ইউটিউবে বিলিয়ন ক্লাবে ‘পাসুরি’
- কেরানীগঞ্জের শুভাঢ্যা গোলাম বাজার খালের পাড়ে অবৈধ দোকানপাট, ময়লার ভাগাড় ও তীব্র যানজট
রাষ্ট্রীয়ভাবে নামাজ ও যাকাত চালুর জন্য স্পিকার ও প্রধানমন্ত্রীর প্রতিও আহ্বান জানান তিনি। তার দাবি, প্রশাসনিক উদ্যোগে এসব ব্যবস্থা চালু হলে নাগরিকদের চরিত্র গঠনের পাশাপাশি জবাবদিহিও বাড়বে। জবাবে স্পিকার বলেন, ধর্ম পালন সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের ওপর নির্ভরশীল। ইসলাম মানবতার ধর্ম উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে ধর্ম পালন করা বা না করার বিষয়টি ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। স্পিকার আরও বলেন, জাতীয় সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা সম্ভব নয়। তবে মুজিবুর রহমানের বক্তব্যে প্রকাশিত অনুভূতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
আরও পড়ুন,
- ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ডুবল তেল ট্যাঙ্কার
- সংসদে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-তাহেরের তীব্র বিতর্ক
পরে নামাজ নিয়ে বক্তব্য দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান ময়মনসিংহের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু নির্দিষ্ট স্থানে নয়, মসজিদের বাইরেও অনেকে নিয়মিত নামাজ আদায় করেন। এ পর্যায়ে তার বক্তব্য থামিয়ে দেন স্পিকার। বিষয়টি যেন নতুন কোনো বিতর্কে রূপ না নেয়, সে বিষয়ে তাৎক্ষণিক রুলিং দেন তিনি।