বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের শীর্ষ সংসদীয় নেতারা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
রোববার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনের প্রাক্কালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। একই সঙ্গে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংসদীয় কূটনীতিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ ও প্রতিনিধিদল বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা। বৈঠক শেষে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অন্যদিকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের স্পিকার। দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।