জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন মহানগরের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে বৈঠকে উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ২ টাকা ৫৯ পয়সা।
আরও পড়ুন,
- নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানাতে হেলাল খানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ঢল
- পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি ষষ্ঠ থেকে ভর্তি পরীক্ষা
- ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন বন্ধের হুঁশিয়ারি
দূরপাল্লার ৫২ আসনের বাসে আগে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। নতুন করে ১৭ পয়সা বৃদ্ধির ফলে এই ভাড়া বেড়ে হবে ২ টাকা ৪০ পয়সা।
তবে যাত্রীদের তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য অনেক দূরপাল্লার নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে রাখা হয়। এসব বাসে নির্ধারিত হারের তুলনায় কিছুটা বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের নির্ধারিত টোলও যুক্ত হতে পারে। এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার আবারও ১৭ পয়সা ভাড়া বাড়ানোর ফলে দূরপাল্লা ও নগর পরিবহনে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে।