ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য পরবর্তী বৈঠকগুলোতে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পঞ্চম বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
কমিটি জানিয়েছে, সংবিধান বিশেষজ্ঞ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক এবং শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বদানকারী ব্যক্তিদের পর্যায়ক্রমে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। তারা সংবিধান সংশোধনসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব কমিটির কাছে তুলে ধরেন।
এ সময় কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে আলোচনার বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে সেটিও কমিটির কাছে পাঠানো যাবে। বৈঠকে উত্থাপিত প্রস্তাবের পাশাপাশি লিখিতভাবে পাওয়া মতামতও কমিটির প্রস্তুত করা প্রতিবেদনে উল্লেখ করা হবে। বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
এ ছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ এবং মাধবী মারমা বৈঠকে অংশ নেন। বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর মতামত সংগ্রহ করে সেগুলো যথাযথভাবে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।