জনপ্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, গণতন্ত্র, উন্নয়ন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনকল্যাণে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার ২ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল বাজারে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ, জনগণের নিরাপত্তা এবং আইনের শাসনের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়চেতা ও আপসহীন অবস্থানে রয়েছেন। অপরাধ, দখল, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার, অনৈতিকতা ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, অপরাধী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তার কোনো দল নেই এবং কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্যোগের পর শুধু ত্রাণ বিতরণের মধ্যে সরকারের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। দুর্যোগের আগে মানুষকে সতর্ক ও প্রস্তুত করা, দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা দেওয়া এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠনের বিষয়গুলো সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহ ইউনিটকে ইতোমধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির মডেল ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। বিএনপি দুর্যোগ ও দুর্বিপাকে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও পুনর্গঠনের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভোররাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি ও গোরকপুর গ্রামের ১৫টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এতে ৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।