শিরোনাম

তারেক রহমানের জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তারেক রহমানের জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত
তারেক রহমানের জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত ১৫ অক্টোবর চিঠি দিয়ে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরতে বলা হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি বাংলাদেশে আসেন। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন তিনি।

এদিকে গত বুধবার টোকিও পৌঁছেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তার জাপানে থাকার কথা রয়েছে। সফরের প্রস্তুতি তদারকির পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্বও পালন করবেন তিনি।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব দেওয়ার ঘটনা বিরল। গত কয়েক দশকে এ ধরনের নজির পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তারা। তবে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়েও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, রাষ্ট্রদূত দাউদ আলী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। আগামী ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও এ ঘটনা কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL