রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২০ অক্টোবর বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ডিজিটাল বোতাম চেপে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত হাজারো মানুষও তাঁর সঙ্গে সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান। এরও আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এ ছাড়া রাজশাহী অঞ্চলের সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
রাজশিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।