জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন বা ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে ব্যবহৃত সার্ভারের পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানেও পাওয়া যাচ্ছে। এমন তথ্য জানার পর সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ কর্মকর্তাদের উদ্দেশে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রমে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করা যাবে না। নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার কথাও বলা হয়েছে চিঠিতে।
এদিকে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় পরিচয়পত্র নাগরিকদের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এর তথ্য সংশোধন ও ব্যবস্থাপনার সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি সরাসরি জড়িত। তাই সার্ভারে প্রবেশের গোপন তথ্য অন্যের হাতে চলে গেলে তথ্যের অপব্যবহার এবং অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় রাখা এবং নিয়ম মেনে এনআইডি সংশোধন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।