শিরোনাম

ডিআইজির বাড়িতে মাদক উদ্ধারে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন শফিকুরের

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ডিআইজির বাড়িতে মাদক উদ্ধারে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন শফিকুরের ছবি: সংগৃহীত
ডিআইজির বাড়িতে মাদক উদ্ধারে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন শফিকুরের ছবি: সংগৃহীত

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর দাবি, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এমন ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, এ ঘটনা দেশে আইনশৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।

ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটও জনদুর্ভোগ বাড়াচ্ছে। এসব সমস্যা সমাধান এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি।

এদিকে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে বিপুলসংখ্যক নারী-পুরুষের অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবনের ব্যবস্থা থাকার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।

বিবৃতিতে তিনি আরও বলেন, এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কারা এ ধরনের কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL