পবিত্র কুরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের জন্য হাফেজে কুরআনদের নেতৃত্বের আসনে দেখতে চান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যাঁদের বুকে কুরআন রয়েছে, তাঁরা যেন কুরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিতে পারেন। মেহরাব থেকে নেতৃত্বের আসনে তাঁদের দেখতে চান তাঁরা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী আয়োজিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান ছোটখাটো মতপার্থক্য দূরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে পবিত্র কুরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।
প্রতিযোগিতায় ১০ পারায় প্রথম স্থান অর্জনকারী শিশু রিদওয়ান বিন আলীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির ঘোষণা করেন, তাঁর পক্ষ থেকে রিদওয়ানের বাবা-মা ও উস্তাদকে ওমরাহ করানো হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, পুরস্কার দেওয়া বা নেওয়ার জন্য নয়, বরং কুরআনের আলোয় সমাজকে আলোকিত করা এবং সমাজে কুরআনের শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে। মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, হাফেজে কুরআনরা পবিত্র কুরআনের শিক্ষা ধারণ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দাওয়াতি দায়িত্ব পালন করবেন, এটাই তাঁদের প্রত্যাশা। মতামতের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও পবিত্র কুরআনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি জানান, পাঁচ মাসব্যাপী এ প্রতিযোগিতায় আট শতাধিক কওমি ও আলিয়া মাদরাসার লক্ষাধিক হাফেজ অংশগ্রহণ করেছেন। মাদরাসার ধরন কিংবা শিক্ষাব্যবস্থার ভিন্নতা থাকলেও কুরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার এবং সমাজজীবনে প্রতিষ্ঠার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, এ আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। পবিত্র আল-কুরআন সমগ্র মুসলিম জাতির জীবনবিধান উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার হাফেজে কুরআন তৈরি হচ্ছেন। অনুষ্ঠানে কুরআনের শিক্ষা, নৈতিকতা ও আদর্শ সমাজ গঠনে হাফেজে কুরআনদের ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।