ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। শনিবার ১০ অক্টোবর সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রোটনের মৃত্যুর খবর জানান। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। একই সঙ্গে তিনি রোটনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।
জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। রোটনের মৃত্যুর খবরে তাঁর সাবেক সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।