তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের যৌথ আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া বর্ণাঢ্য রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার ১১ নভেম্বর তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় দেশটির আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।
বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিদলের সম্মানে তুর্কি প্রেসিডেন্সির পক্ষ থেকে এ নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজ চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশন ও সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ১০ নভেম্বর তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
সফরকালে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন এবং চীনের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করাই এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।