বাংলাদেশ যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৩৭
পোশাক শ্রমিকদের জন্য সুখবর। ঘোষণা যেদিনই আসুক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা। এমনটাই জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গার্মেন্টস শিল্পকে ঘিরে চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকদের বেতন ও মজুরি নির্ধারণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণের জন্য ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন মজুরি নির্ধারণ করতে চায় বোর্ড। একই সঙ্গে এ খাতের অস্থিরতা যেন দেশের সামগ্রিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সরেজমিনে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে বলেও স্বীকার করেন চেয়ারম্যান। তিনি বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভাটি সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ কিংবা কোনো পক্ষের চাপ নেই।
সব মিলিয়ে নতুন মজুরি ঘোষণার অপেক্ষায় থাকা পোশাক শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী, নতুন মজুরি কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকেই।