বাংলাদেশ যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:৫৭
গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা চেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য আনা একটি সাধারণ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন চোখে পড়ছে না।
তিনি আরও বলেন, পরিস্থিতির কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। বিভিন্ন গণমাধ্যম থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তাও এ ধরনের ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের দৃশ্যমান পদক্ষেপ বলতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির বিষয়টি জানা গেছে। এর বাইরে আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
তিনি জানান, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা পরিচালিত হয়। সেখানে অস্থিরতা অব্যাহত থাকলে দেশের একটি বড় অঞ্চলের যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শফিকুর রহমান আরও দাবি করেন, আগামী ১৯ নভেম্বর কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় অগ্নিসংযোগ করা হবে, এমন ঘোষণাও দেওয়া হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
এ অবস্থায় নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান তিনি। একই সঙ্গে সংসদ ও দেশবাসীকে এ বিষয়ে আশ্বস্ত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।