কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্পিকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে, কাতারের সাবেক আমির এবং বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই সরকারি সফরে দোহা যান স্পিকার।
সফরকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা তুলে দেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল সানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।