দেশের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার—এই তিন পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সিআইডির ডিআইজি মাসুদ করিমের আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
র্যাব, পুলিশ সদর দপ্তর ও এন্টি টেররিজম ইউনিটেও এসেছে পরিবর্তন। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পাবনার পুলিশ সুপার মো. ছফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। তার স্থানে এন্টি টেররিজম ইউনিটের আবু আশরাফ দায়িত্ব পেয়েছেন পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে।
এ ছাড়া রংপুর, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও একাধিক কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।