শিরোনাম

কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন ডা. জুবাইদা রহমান ছবি: সংগৃহীত
কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন ডা. জুবাইদা রহমান ছবি: সংগৃহীত

চিকিৎসক হিসেবে শুধু পেশাগত দক্ষতা নয়, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়েও কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দিয়ে তিনি বলেন, চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় মানবিকতা। সেই মানবিক মন নিয়েই অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলে এখনও চিকিৎসক ও নার্সের সংকট প্রকট। বর্তমানে প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র শূন্য দশমিক আট তিন। ফলে একজন চিকিৎসককে প্রায় বারোশ থেকে আঠারোশ রোগীর সেবা দিতে হচ্ছে। এই বৈষম্য দূর করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পর দেশের মানুষের সেবায় ফিরে আসা উচিত। একই সঙ্গে চিকিৎসার অভাবে যেন কোনো গ্রামবাসী, অন্তঃসত্ত্বা মা কিংবা নবজাতক প্রাণ না হারায়—সেই লক্ষ্য নিয়েই কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চিকিৎসাশিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও প্রশংসা করেন তিনি। তাঁর ভাষায়, সংস্কৃতি মানুষকে মানবিক করে তোলে এবং একজন চিকিৎসকের পেশাগত জীবনে এই মানবিক গুণই সবচেয়ে বড় শক্তি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL