সংবাদ শিরোনামঃ

চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইন ও সংবিধান অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। একইসঙ্গে আগামী ছয় মাস তিনি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ রাষ্ট্রের নির্ধারিত সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। রোববার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন সাহাবুদ্দিন চুপ্পু। সে সময়ে সংবিধান অনুযায়ী তিনি বিশেষ আইনি সুরক্ষার আওতায় ছিলেন। তাই ওই সময়ের দায়িত্ব পালনের বিষয়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা বা আদালতে বিচারিক কার্যক্রম শুরু করার সুযোগ নেই। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির টেলিফোনে কথোপকথন নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যোগাযোগ সম্ভব। শুধু কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।

রথযাত্রা ও উল্টো রথ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুবাই কর্তৃপক্ষ যে কাগজপত্র চেয়েছে, সেগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সরকার তাদের পুরস্কৃত করবে। তবে দায়িত্বে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত