উত্তর নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে চিঠিটি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর নেপালের আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার।
এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ছাড়া নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গত ২৭ আগস্ট জাতীয় সংসদে একটি শোক প্রস্তাবও গ্রহণ করা হয়। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ।