রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সময়ে বাড্ডায় ককটেলের মতো দেখতে একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ থানাধীন তিন নেতার মাজার সংলগ্ন মেট্রোরেলের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এরপর রাত ১২টা ৫ মিনিটের দিকে মহাখালীর আমতলী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে ঘটনাস্থল থেকে ককটেলের মতো দেখতে একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ককটেলের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে সেটি আসলে ককটেল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মোটরসাইকেল জব্দসহ একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির এডিসি মিডিয়ার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলসহ অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে। এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির কর্মকর্তারা।