রাজধানী ঢাকায় জনসংখ্যা ও আবাসনের ক্রমবর্ধমান চাপ কমাতে কেরানীগঞ্জে প্রায় তিন হাজার একর জমির ওপর একটি ‘সেকেন্ডারি সিটি’ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর উপকণ্ঠে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে মূল নগর এলাকার বাইরে সাধারণ মানুষের বসবাসের একটি আধুনিক বিকল্প ব্যবস্থা তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে উন্নত ও সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা বজায় রেখে নতুন এই আবাসিক এলাকা গড়ে তোলা হলে কেন্দ্রীয় ঢাকার ওপর আবাসনের চাপ উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি ঢাকার চারপাশে অপরিকল্পিত নগরায়ণ রোধ করে সুশৃঙ্খল ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।
শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই জানান, কেরানীগঞ্জে প্রস্তাবিত ‘ঢাকা ওয়েস্টার্ন বাইপাস’ সংলগ্ন এলাকায় এই সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় এই শহরের জন্য সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত স্থানটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিকল্পনা অনুযায়ী, নতুন এই শহরে আধুনিক নাগরিক সুবিধা, প্রশস্ত সড়ক, জলাধার, খেলার মাঠ এবং সবুজ চত্বরের ব্যবস্থা রাখা হবে।