ঢাকার কেরানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১৬টি তাজা হাতবোমা (ককটেল) ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের পশ্চিম বামনশুর মাঠের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দুই ব্যক্তি কেরানীগঞ্জের সিরাজনগর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল ও বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম বামনশুর মাঠের সামনের সড়কে অবস্থান নেয় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি টহল দল। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ১৬টি হাতবোমা (ককটেল) এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সিএনজিতে থাকা সিরাজনগরের ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের থানা হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এসব ককটেল ও সরঞ্জাম কোথা থেকে সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, সে বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।