সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানাটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয়দের দাবি, কারখানার ভেতরে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়ে। এতে দোকানি জয়নাব বেগম মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী ছিল তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।