পাকিস্তানি সংগীতের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে আলি শেঠি ও শে গিলের কণ্ঠে গাওয়া এই গান। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘পাসুরি’। প্রায় চার বছর সাত মাসেরও কম সময়ে ইউটিউবে গানটির ভিউ পৌঁছেছে এক বিলিয়নে। এই ঐতিহাসিক সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে কোক স্টুডিও। এক পোস্টে গানটির সঙ্গে যুক্ত শিল্পী, সংগীত প্রযোজক এবং শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন,
- কেরানীগঞ্জের শুভাঢ্যা গোলাম বাজার খালের পাড়ে অবৈধ দোকানপাট, ময়লার ভাগাড় ও তীব্র যানজট
- ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ডুবল তেল ট্যাঙ্কার
- সংসদে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-তাহেরের তীব্র বিতর্ক
‘পাসুরি’র সংগীত প্রযোজনায় ছিলেন জুলফিকার খান, যিনি জুলফি নামে পরিচিত, এবং আব্দুল্লাহ সিদ্দিকী। মাইলফলক অর্জনের পর প্রকাশিত একটি ভিডিওতে আলি শেঠি, শে গিলসহ গানটির সঙ্গে যুক্ত শিল্পীদের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা গেছে। মুক্তির বছরেই স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়েছিল ‘পাসুরি’। শুধু পাকিস্তান বা ভারত নয়, উপমহাদেশের বাইরেও গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা গানটির কভার ও নিজস্ব সংস্করণ প্রকাশ করেন।

এমনকি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’-এর সাউন্ডট্র্যাকেও জায়গা করে নেয় ‘পাসুরি’। সিরিজটিতে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব তুলে ধরতে গানটি ব্যবহার করা হয়। পরে বলিউডেও গানটির হিন্দি সংস্করণ তৈরির উদ্যোগ নেওয়া হয়। অরিজিৎ সিংয়ের কণ্ঠে তৈরি সেই সংস্করণ ঘিরে অবশ্য ব্যাপক বিতর্ক ও সমালোচনা হয়েছিল। তবে সব বিতর্ক পেছনে ফেলে এবার ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়ল ‘পাসুরি’।