শিরোনাম

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছবি: সংগৃহীত
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া টাকা ডিএল ফিলিং স্টেশনের বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন তাসীন আক্তার হক, যাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে। পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো রোববারও ফিলিং স্টেশনের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। ফলে টাকার পরিমাণ ছিল তুলনামূলক বেশি।

সকাল ১০টার দিকে টাকা বহনকারীরা উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা। ঘটনার পর পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

জানা গেছে, ডিএল ফিলিং স্টেশনে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হতো। এদিকে ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি তারেক বেগ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশের একাধিক ইউনিট তদন্তে কাজ করছে। দ্রুতই ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL