রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ নম্বর সেকশনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরের ই-ব্লকে ওপেপেক্স গার্মেন্টসের সামনে কয়েকজন যুবকের সঙ্গে ইউসুফ আলীর কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর তারা আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। অভিযোগ অনুযায়ী, চঞ্চল মোল্লা নামে এক ব্যক্তি ইউসুফ আলীকে লক্ষ্য করে গুলি চালান। পরে অন্যরাও তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পথচারী নালাম সরদার ও মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইউসুফ আলী পশ্চিম বাইশটেকি এলাকার বাসিন্দা। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। ঘটনার পর নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা করেন। মামলায় চঞ্চল মোল্লা, জিহাদ মোল্লা, জিয়ারুল মোল্লা ও হাসানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহায়তায় চঞ্চল মোল্লাকে একটি অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।