সংবাদ শিরোনামঃ

কাফরুলে যুবদলকর্মী ইউসুফ হত্যা মামলায় ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কাফরুলে যুবদলকর্মী ইউসুফ হত্যা মামলায় ৭ জন গ্রেপ্তার ছবি: সংগৃহীত
কাফরুলে যুবদলকর্মী ইউসুফ হত্যা মামলায় ৭ জন গ্রেপ্তার ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী মো. ইউসুফকে গুলি করে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি ও কাফরুল থানা পুলিশ। ডিবির দাবি, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ছিলেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এলাকার ময়লার টেন্ডার, ফুটপাত দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার পরিকল্পনা করা হয়। ডিবির দাবি, ২৫ লাখ টাকার চুক্তিতে পেশাদার শুটার ভাড়া করা হয়েছিল। তবে হামলার সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে যুবদলকর্মী মো. ইউসুফ নিহত হন এবং আরও দুজন আহত হন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাহিদ হাসান, শাফিন আহমেদ, জিয়ারুল মোল্লা, আলী হোসেন, জিহাদ মোল্লা, মাসুম বিল্লাহ ও আবির হাওলাদার। ডিবি জানিয়েছে, এ ঘটনায় চার শুটারসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাতে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিংক রোডের মাথায় অস্ত্রধারীদের গুলিতে ইউসুফসহ তিনজন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে নিহতের ভাইয়ের করা মামলার তদন্তে ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। ডিবি জানিয়েছে, ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকার খবর

সম্পর্কিত