রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। সিনেমাটিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বাঁধন জানান, ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে। আগামী ১ আগস্ট সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এতে তিনি একজন মানবাধিকারকর্মী ও আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন।
‘গুলশানের চামেলি’র গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। গল্পে দেখানো হবে, কোনো অপরাধ না করেও কীভাবে ক্ষমতার নির্মম খেলায় একজন নারী বারবার নিপীড়নের শিকার হন। তার জীবনের সংগ্রামের মধ্য দিয়ে সমাজ ও রাজনীতির নানা অন্ধকার দিক তুলে ধরা হবে। প্রচলিত বাণিজ্যিক সিনেমার ধারা থেকে বেরিয়ে নির্মিত হতে যাওয়া এ সিনেমায় কোনো প্রচলিত নায়ক থাকছে না। পুরো গল্প এগিয়ে যাবে একজন নারীকে কেন্দ্র করে এবং তার পরিবর্তিত পরিস্থিতি, সংগ্রাম ও আত্মপ্রতিষ্ঠাই হবে সিনেমার মূল বিষয়।
এর আগে মধুমিতা সরকার জানিয়েছিলেন, তিনি সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন এবং বাংলাদেশে এসে শুটিংয়ে অংশ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বাংলাদেশে ‘গুলশানের চামেলি’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।