সাবেক স্ত্রী অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে নতুন করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা রাজা চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন, বিচ্ছেদ এবং মেয়ে পলক তিওয়ারির সঙ্গে দূরত্ব নিয়ে নানা মন্তব্য করেছেন তিনি। রাজা চৌধুরীর দাবি, বিয়ের পর তিনি নিজেকে ‘বিনা বেতনের গৃহকর্মী’র মতো মনে করতেন। তার ভাষ্য, শ্বেতা তখন বেশি উপার্জন করতেন এবং সংসারের ব্যবস্থাপনার দায়িত্ব মূলত তার ওপর থাকলেও যথাযথ মূল্যায়ন পাননি।
দাম্পত্য জীবনের তিক্ততার জন্য শ্বেতার মায়ের হস্তক্ষেপকেও দায়ী করেছেন রাজা। তার দাবি, বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মেয়ে পলককে দেখতে না পারার কষ্টে কঠিন সময় পার করেছেন। রাজা জানান, একসময় অতিরিক্ত মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি এবং পরে রিহ্যাবেও চিকিৎসা নিতে হয়েছে। তার দাবি, পলকের আট বছর বয়স পর্যন্ত তিনি তাকে বড় করেছেন, কিন্তু গত ১৮ বছরে তাদের মধ্যে মাত্র কয়েকবার কথা হয়েছে।
মেয়ের স্মৃতি এড়িয়ে মানসিক শান্তির জন্যই সামাজিক যোগাযোগমাধ্যমে পলককে ব্লক করে রেখেছেন বলেও জানান রাজা। তিনি বলেন, পলকের ছবি বা ভিডিও সামনে এলে পুরোনো কষ্ট ফিরে আসে।
পলক তিওয়ারির ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে রাজা বলেন, বর্তমানে তিনি পলকের জীবনে শুধু জন্মদাতা বাবা হিসেবেই রয়েছেন। তবে মেয়ে কোনোদিন প্রয়োজন মনে করলে সবসময় পাশে দাঁড়াবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, ১৯৯৯ সালে শ্বেতা তিওয়ারি ও রাজা চৌধুরীর বিয়ে হয়। পরে ২০০৭ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।