সংবাদ শিরোনামঃ

বাংলা কিউআরে বাধ্যতামূলক সার্ভিস চার্জ, আসছে ভর্তুকি নীতিমালা

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলা কিউআরে বাধ্যতামূলক সার্ভিস চার্জ, আসছে ভর্তুকি নীতিমালা ছবি: সংগৃহীত
বাংলা কিউআরে বাধ্যতামূলক সার্ভিস চার্জ, আসছে ভর্তুকি নীতিমালা ছবি: সংগৃহীত

অ্যাপভিত্তিক লেনদেনের অভিন্ন প্ল্যাটফর্ম বাংলা কিউআরে মার্চেন্ট পেমেন্টে বাধ্যতামূলক ১ শতাংশ সার্ভিস চার্জ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর এর প্রভাব কমাতে ১০০ কোটি টাকার ভর্তুকি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ক্ষুদ্র মার্চেন্টদের কীভাবে এবং কোন পর্যায়ে ভর্তুকি দেওয়া হবে, সে বিষয়ে শিগগিরই একটি নীতিমালা জারি করা হবে। ফুটপাত বা ভ্যানের বিক্রেতাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় অন্তর্ভুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে কেবল মার্চেন্ট পেমেন্ট করা যাবে। কোনো মার্চেন্ট এই ব্যবস্থায় ক্যাশ আউটের সুযোগ দিলে তার বাংলা কিউআর বাতিল করা হবে।

২০২৩ সালে চালু হওয়া বাংলা কিউআর ব্যবস্থা গত ১ জুলাই থেকে সব ব্যাংকের অ্যাপভিত্তিক লেনদেনে বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ৩৭টি ব্যাংক এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে এবং সারা দেশে প্রায় ২৩ লাখ বাংলা কিউআর স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কাঠামো বিবেচনায় ন্যূনতম ১ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাংক চাইলে নিজস্ব অফারের মাধ্যমে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দিতে পারবে।

একই বৈঠকে দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের সুযোগও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে নিজের পাশাপাশি বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন এবং স্বামী বা স্ত্রীর চিকিৎসাসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। এ ছাড়া এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে ধাপে ধাপে সম্মিলিত ইসলামী ব্যাংকের অন্তর্ভুক্ত অন্য ব্যাংকগুলো থেকেও প্রশাসক প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত