আট দফা দাবি বাস্তবায়ন না হলে তা এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কাছে জনগণের পক্ষে আট দফা দাবি দেওয়া হয়েছে। এসব দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আট দফা এক দফায় পরিণত হতে পারে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জনগণের দাবি বাস্তবায়নের কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি বলে তারা মনে করেন। এ কারণে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের দাবিতে তারা মাঠে নেমেছেন।
দলের নেতাকর্মী ও জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় উপনেতা নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে বলে তারা মনে করেন। সেই রায় বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, দেশে চাঁদাবাজি দখলবাজি ও দুর্নীতি বেড়েছে। এসব বন্ধে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুর রশিদ বলেন, আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারের সামনে কোনো পথ খোলা নেই। বিকেলে মাটিডালি বিমান মোড়ের পথসভাটি বড় জনসভায় রূপ নেয়। পরে ঢাকা থেকে আসা লংমার্চের গাড়িবহর বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওনা দেয়।