শিরোনাম

দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল ছবি: সংগৃহীত
দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল ছবি: সংগৃহীত

কুমিল্লায় কিশোর ইশহায়াত শাহরিয়ার অপ্রতিম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সঙ্গে ঢাকার খিলগাঁওয়ে নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। সোমবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, মল চত্বর ও শ্যাডো হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তৈয়ব ইসলাম অভিযোগ করেন, দেশে মানুষ ও শিশু হত্যার ঘটনা ঘটলেও রাষ্ট্র কার্যকর ভূমিকা নিচ্ছে না। তিনি দাবি করেন, হত্যা, গুম ও সন্ত্রাসের ঘটনায় জড়িতদের যথাযথভাবে আইনের আওতায় না আনার কারণে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে। তৈয়ব ইসলাম আরও বলেন, মানুষের জীবন ও শিশুর ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের নিপীড়নমূলক কাঠামো পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি শুভাজিত চাকমাও বক্তব্য দেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন অপরাধের ঘটনায় বিচারহীনতার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর ওপর সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।

অপ্রতিম হত্যার ঘটনায় এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ২০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানান। অন্যদিকে খুলনায় আজমুল হোসেন হত্যার ঘটনায়ও শিক্ষার্থীরা ২১ সেপ্টেম্বর সড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল থেকে দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে খিলগাঁওয়ে আটক নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানায় গণতান্ত্রিক ছাত্র জোট।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL