জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক উত্তরণ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দলটির নেতারা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন। এ সময় সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের মধ্যে থাকা বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয় মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন এনসিপি নেতারা। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদল চুক্তির বিভিন্ন দিক ব্যাখ্যা করে জানান, এটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।