ডারউইনে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুর্দান্ত ও ঐতিহাসিক বিজয়ে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার এক বিবৃতিতে তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশের এই লাল-সবুজ বিজয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার।
তিনি বলেন, ক্রিকেটারদের দৃঢ় মানসিক শক্তি, দলীয় সংহতি, সহনশীলতা ও অসাধারণ পারফরম্যান্সের কারণেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও মাঠে বাংলাদেশি ক্রিকেটাররা যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বাংলাদেশের ক্রিকেটাররা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে তুলে ধরবেন। একই সঙ্গে খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিরোধীদলীয় নেতা।