জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। সৌদি আরবভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজানের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে নতুন চাঁদ দেখার ওপর। তাই স্থানীয় চাঁদ দেখা ও ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার কারণে দেশভেদে তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে। হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের একটি হিজরি ক্যালেন্ডারেও ১ শাওয়াল ১৪৪৮ হিজরি অর্থাৎ ৯ মার্চ ২০২৭-কে ঈদুল ফিতরের সম্ভাব্য দিন হিসেবে দেখানো হয়েছে।
তবে কিছু ক্যালেন্ডার ও পূর্বাভাসে ১০ মার্চকে সম্ভাব্য ঈদের দিন হিসেবেও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ ৯ অথবা ১০ মার্চ হতে পারে। এদিকে ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য দিন নিয়ে আগাম হিসাব প্রকাশিত হলেও এগুলো এখনো চূড়ান্ত নয়। বাংলাদেশসহ যেসব দেশে চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় মাসের শুরু নির্ধারণ করা হয়, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সুতরাং আপাতত হিসাব অনুযায়ী ৮ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ৯ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে চাঁদ দেখার ঘোষণা পর্যন্ত।