রাজধানীর আদাবর থানা এলাকায় জাতীয়তাবাদী যুবদলের অনুমোদিত কোনো কমিটি নেই বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে নিজেকে আদাবর থানা যুবদলের সদস্যসচিব পরিচয় দেওয়া সজীব আহমেদ রানা নামের এক ব্যক্তির বিষয়ে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন আদাবর থানায় বর্তমানে জাতীয়তাবাদী যুবদলের কোনো অনুমোদিত কমিটি নেই। তবে সজীব আহমেদ রানা নামের এক ব্যক্তি নিজেকে আদাবর থানা যুবদলের সদস্যসচিব পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, সম্প্রতি আদাবর থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির কপিতেও সজীব আহমেদ রানা নিজেকে আদাবর থানা যুবদলের সদস্যসচিব হিসেবে পরিচয় দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে এবং সংগঠনের দৃষ্টিতে এমন পরিচয় দেওয়া অনৈতিক।
এ অবস্থায় আদাবর থানা এলাকার দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে সজীব আহমেদ রানার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুবদল। একই সঙ্গে তার মাধ্যমে সংঘটিত কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল বহন করবে না বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।