বাংলাদেশ যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে বেন্দারচর এলাকায় পৌঁছালে পেছন থেকে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
আরও পড়ুন,
ঢাকায় চালু হচ্ছে ২০০ বৈদ্যুতিক বাস
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত। হামলার সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে পথেই শাহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।
আরও পড়ুন,
ছয় বছরের সেরা প্রবৃদ্ধির পথে ভারতের শেয়ারবাজার
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে হামলাকারীরা তাদের অতিরিক্ত মারধর করে। এতে দুজনের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিকভাবে ধর্মঘট আহ্বানকারী এবং তাদের সমর্থকদের এ ঘটনার জন্য দায়ী বলে ধারণা করছে পুলিশ।
এদিকে, দুই নেতার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।