স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রকৌশলীদের আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস করা হবে না বলেও জানান জামায়াত আমির।
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রকৌশলীদের আর ছাড় দেওয়া হবে না। নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না তার দল। অতীতেও নানা অপশক্তির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রতিবারই লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে দেশ।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চর দখলের মতো দখলদারত্ব চলছে। পাশাপাশি যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন কমিটিতে লোকজনকে স্থান দেওয়া হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাব এবং মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণই বুঝে নেবে কার কী চরিত্র।
এ সময় অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।