শিরোনাম

মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় ‘গুমের শিকার’ মিরাজ শেখসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সব ব্যক্তিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির—এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ঘটনার সত্য তুলে ধরতে হবে এবং প্রতিটি গুমের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুম প্রতিরোধ আইনে অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিনের শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি জরুরি। বিরোধী দল ও মতের বহু মানুষ গুমের শিকার হয়েছেন এবং তাদের অনেকের এখনো কোনো সন্ধান মেলেনি বলেও দাবি করেন তিনি।

‘আয়নাঘর’ প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সেখানে আটক ব্যক্তিদের ওপর চালানো নির্যাতনের অভিযোগ মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। গুম হওয়া স্বজনদের ফিরে পাওয়ার আকুতি এবং দীর্ঘ অপেক্ষার বেদনা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তাঁর আশঙ্কা, এসব উদ্যোগে গুরুতর অপরাধের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির পাশাপাশি দায়মুক্তির সুযোগ থেকে যেতে পারে। মোংলার কারাগারে মিরাজ শেখের গুমের অভিযোগেরও স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গুমের প্রতিটি ঘটনার সত্য উদ্‌ঘাটন, বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর কোনো গুমের ঘটনা না ঘটে, সে নিশ্চয়তাও দিতে হবে। তিনি বলেন, গুমের শিকার প্রতিটি মানুষের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও কান্নার জবাব দিতে হবে সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচারের মাধ্যমে।

বিষয়:

গুম
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL